গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক : ডা. শাহাদাত
ads

 চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাঈদ আল নোমান এমপির ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 
তিনি গতকাল শুক্রবার বিকেলে নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম ১০ আসনের এমপি সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান। 
বিক্ষোভ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড় গিয়ে শেষ হয়। ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র‌্যালি ও বিজয়মেলার আয়োজন করা হবে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্য ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তার ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। 
সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো: কামরুল ইসলাম প্রমুখ।