চকরিয়ায় গিয়াস হত্যা মামলার প্রধান আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার
ads

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরের দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে যৌথ অভিযানে তাকে ধরা হয়। এ সময় দু’টি মোটরসাইকেল ও ইমিটেশনের গয়না উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় তৌহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও মাদকসহ ২৫টির বেশি মামলা এবং তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলার ঈদমনি উত্তরপাড়ায় এক বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ও মোটরসাইকেল লুট করা হয়। একই রাতে ফাঁসিয়াখালীর উচিতার বিলে আরেকটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটে। দু’টি ঘটনাতেই চকরিয়া থানায় মামলা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মাতামুহুরী সেতু এলাকা থেকে গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদ। এ ঘটনায় ২০২৬ সালের ১ অক্টোবর চকরিয়া থানায় মামলা রুজু হয়।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, তৌহিদের নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি দল সক্রিয় রয়েছে; তার বাবা কাশেম ডাকাত, ভাই জাহেদুল ইসলাম ও স্ত্রী রুমা আক্তারের সম্পৃক্ততার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। 
ডাকাতির টাকায় চকরিয়ার উত্তর লোটনীতে তিনতলা বাড়ি ও বান্দরবানের লামার ফাইতংয়ে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে, যার ভূগর্ভস্থ অংশ লুট করা মালামাল রাখার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। তৌহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সহযোগীদের গ্রেফতার ও সম্পদের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।