
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিগত দিনে গণপূর্ত অধিদফতরে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ফোনে বক্তব্য জানতে চাওয়া হলে অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী সাংবাদিক নেতা নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেয়ার পরিবর্তে সাংবাদিক নেতা নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেয়া হয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে গণপূর্তের দুর্নীতিবাজ কর্মকর্তা আবু নাসেরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, ডিআরইউ দফতর সম্পাদক রাশেদ মোল্লা, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, এইচ এম আল আমিন ও আমিনুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









