বৈজ্ঞানিক কর্মকাণ্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ঢাবি ভিসি
ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন উদ্ভাবন ও দেশের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘অধ্যাপক মো: আলী নওয়াব আন্তর্জাতিক সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রসায়ন বিভাগের মরহুম অধ্যাপক ড. মো: আলী নওয়ারের জন্মশতবার্ষিকী উপলক্ষে রসায়ন বিভাগ দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে।
রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক ড. মো: আলী নওয়াবের জ্যেষ্ঠপুত্র মো: আলী নাকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: এমরান কাইয়ুম।
ঢাবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু বিদ্যমান জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে। এ লক্ষ্যে আমাদের গবেষণার পরিবেশ উন্নত করতে হবে এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার করতে হবে। মানসম্মত গবেষণার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। আশাকরি বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময়, পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং যৌথ গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।