গোপালগঞ্জে সন্দেহজনক এমএফএস হিসাব বন্ধ, নজরদারিতে মোবাইল লেনদেন
ads

বিশেষ সংবাদদাতা
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সন্দেহজনক লেনদেনের অভিযোগে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবায় বিঘœ ঘটছে। স্বাভাবিক লেনদেন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। একই সময়ে সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। তাদের মোবাইল আর্থিক লেনদেনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহজনক লেনদেন শনাক্ত হওয়ার পর এমএফএস প্রতিষ্ঠানগুলো কিছু হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তদন্ত শেষে সেসব হিসাব চালু রাখা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অন্য একটি এমএফএস প্রতিষ্ঠানের ঊর্ধŸতন কর্মকর্তা জানান, কোনো নির্দিষ্ট এলাকার সব হিসাব একযোগে বন্ধ করা হয়নি। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো হিসাবে হঠাৎ বড় অঙ্কের লেনদেন হলে কিংবা লেনদেনের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়। এমন অভিযোগে কিছু হিসাব বন্ধ করা হয়েছে। তবে এমএফএস হিসাব বন্ধের বিষয়টি এনবিআরের তালিকার ভিত্তিতে নয়। প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যবেণ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। তিনি আরো জানান, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে সব এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে এটিএম বুথ থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে।
এ দিকে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে এনবিআরের গোয়েন্দা ইউনিট। তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহারের নাম রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও রয়েছেন। এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই করছে। পাশাপাশি তাদের এমএফএস লেনদেনের তথ্যও অনুসন্ধান করা হচ্ছে।
তালিকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি ভবেন্দ্র নাথ এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশসহ বিভিন্ন সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর, থানায় হামলা, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটে। এসব ঘটনায় জেলার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। সংশ্লিষ্টদের মতে, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও অপরাধে অর্থায়ন বন্ধে নজরদারি প্রয়োজন। তবে তদন্তের স্বার্থে হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি নির্দোষ গ্রাহকদের স্বাভাবিক লেনদেনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে কোনো এলাকার সাধারণ মানুষ যেন অযথা আর্থিক সেবাবঞ্চিত না হন, সে বিষয়ে এমএফএস প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদপে প্রয়োজন।