
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভারতে হত্যাকাণ্ডের শিকার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন ও মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে কে এম শাখাওয়াত মুন, সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো: আল মামুনকে আটক করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আটককৃতদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া পৃথক অভিযানে ককটেলসহ আল আমীন নামের এক যুবককে আটক করে পুলিশ, যিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাজিবের সহযোগী হিসেবে পরিচিত।
এ দিকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ ছাড়া রাজধানীর পৃথক স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ম-সম্পাদক মুক্তাদিউর রহমান শিমুলকে মধ্যরাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মোহনা টিভির সাবেক সিইও গ্রেফতার : রাজধানীর গুলশান-২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালান যুবদলের ঢাকা মহানগর দেিণর সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার দলের কর্মীরা। সেখান থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্দেহভাজন ২০ থেকে ২২ জনকে আটক করে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।
অন্য দিকে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক এমপি কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী তসলিম চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নাশকতায় অর্থায়ন ও পরিকল্পনার অভিযোগে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আকতারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ ছাড়াও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত প্রতিহত করতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মীসহ মোট ৪৯৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









