ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু নতুন ভর্তি ১০০৩ জন
ads

নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু এবং নতুন করে এক হাজার তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যুর কথা বলা হলেও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে সিলেট ও বরিশালে আরো দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতর ও নিজস্ব প্রতিনিধিদের থেকে পাওয়া পৃথক তথ্যে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানির এ চিত্র জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭২ হাজার ৭৫২ জন এবং বর্তমানে ভর্তি আছেন চার হাজার ৮৬১ জন।
একই সময়ে নতুন ভর্তি হওয়া এক হাজার তিন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনা ও রাজশাহীতে ১১৮ জন করে, বরিশালে ১১৫ জন, রংপুরে ৬৩ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেটে ছয়জন রয়েছেন। ঢাকা মহানগরে নতুন ভর্তি হয়েছেন ১৫৪ জন; এর মধ্যে সরকারি-স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন। মহানগরে এ বছর মোট আক্রান্ত ৩৭ হাজার ৮৯১ জন, মৃত্যু ২৩৩ জন এবং চিকিৎসাধীন আছেন এক হাজার ৭৭ জন।
অন্য দিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো: রেফায়েতুল হায়দার জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেন্দিগঞ্জের আন্দার মানিক এলাকার বাসিন্দা সকিনা বেগম (৫৫) মারা গেছেন এবং নতুন করে ১১৫ জন ভর্তি হয়েছেন। চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত ২২ হাজার ৬৯৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২২৪ জন, চিকিৎসাধীন ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ডা. রেফায়েতুল হায়দার বলেন, আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় চিকিৎসার চেয়ে মশার বিস্তার রোধ ও কামড় থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া বেশি জরুরি।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলমের বরাতে সিলেট ব্যুরো জানায়, গত ২১ নভেম্বর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসিন্দা আতিক মিয়া (৬০) মারা যান এবং বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।