মাছ ধরতে নৌপুলিশের টোকেন টাকা না দিলেই আটক
ads

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন ও এসআই মানিক মৃধাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টোকেনের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নদীতে মাছ ধরতে হলে নির্দিষ্ট টোকেন সংগ্রহ করতে হয়, আর টোকেন না থাকলে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয় বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এমনকি মা ইলিশ রা অভিযানের সময় নৌকাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগও করেছেন কয়েক জেলে।
এ ঘটনায় ক্ষুব্ধ জেলেরা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত সোমবার (২৩ নভেম্বর) মানববন্ধন করেছেন।
ভুক্তভোগী জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়ার সময় নির্দিষ্ট কিছু জেলেকে পুলিশের উল্লিখিত ওই সদস্যদের কাছ থেকে লিখিত টোকেন সংগ্রহ করতে হয়। রাতে নদীতে মাছ ধরার সময় সেই টোকেন দেখাতে পারলে টাকা দিতে হয় না। আর টোকেন দেখাতে না পারলে বিভিন্ন অজুহাতে নৌকা আটক করে টাকা আদায় করা হয়। তাদের দাবি, এভাবে দীর্ঘ দিন ধরে সাধারণ জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে।
গজারিয়ার জেলে মহিউদ্দিন, সোহেল ও আফসার অভিযোগ করেন, মাছ কেনাবেচার কাজে নদীতে গিয়ে কোনো অবৈধ মাছ বা সরঞ্জাম না পাওয়ার পরও তাদেরকে আটক করেন নৌ পুলিশের সদস্যরা। পরে মামলা ও থানায় নেয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জেলের দাবি, তার পরিচিত এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়ার পর মাসিক এক হাজার টাকা করে টোকেন দেয়া হচ্ছে। এমন ৩০ থেকে ৩৫টি নৌকা থেকে প্রতি মাসে টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্য এক ভুক্তভোগী জানান, বর্তমানে নিষেধাজ্ঞা না থাকলেও নদীতে মাছ ধরতে গেলে জেলেদের আটক করে কারো কাছ থেকে চার হাজার, কারও কাছ থেকে পাঁচ হাজার, আবার কারো কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করে ছেড়ে দেয়া হচ্ছে। তার ভাষ্য, গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। এভাবে টাকা আদায় করা হলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক মতলব উত্তরের কয়েকজন জেলে অভিযোগ করেন, মা ইলিশ রক্ষা অভিযানের সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাদের কাছ থেকে নৌকাপ্রতি ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। যারা টাকা দেননি, তাদের আটক করে জেল-জরিমানা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী জেলে ও মাছ ব্যবসায়ীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, টোকেনের মাধ্যমে অর্থ আদায়ের সাথে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, আমি বিষয়টি শুনেছি। পুলিশের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তা না হলে আমার বিপি নম্বর তারা কোথায় পেল? কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায়ভার কোনো সংস্থা কেন নেবে?
এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।