
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় টুংঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো আট হাজার জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ নভেম্বর থানার এসআই কামরুল আহম্মেদ মামলাটি করেন। মামলায় নাম উল্লেখ করা ২৬ আসামির মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়া থানায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সাথে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা, দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









