
ক্রীড়া ডেস্ক
বয়স ৪১ ছুঁইছঁই, তবু গোল করার ক্ষুধায় এতটুকু ভাটা পড়েনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন সিআর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে গত পরশু আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করেছেন তিনি। অর্থাৎ ঐতিহাসিক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৩ গোল পেছনে পর্তুগিজ মহাতারকা। নিজেদের মাঠ আল আউয়াল পার্কে আল সাদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি আদায় করেন তিনি। এরপর স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান আল নাসর অধিনায়ক।
তবে রোনালদোর গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত বাইসাইকেল কিকে জয়সূচক গোল পায় আল নাসর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









