নারী ফুটবল লিগে দল বাড়ছে
ads

 ক্রীড়া প্রতিবেদক
সব পরিস্থিতি ঠিক থাকলে ১৮ ডিসেম্বর মাঠে গড়াতে পারে এবারের নারী ফুটবল লিগ। গত বছর ১১ দল নিয়ে হয়েছিল নারী লিগ। তবে এবার এই লিগে ১২টির মতো দল অংশ নিতে পারে। গতকাল বাফুফের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের চিন্তা ১০টার নিচে দল আমরা করতে পারব না। হয়তো ১০টা হবে, অন্যথায় ১২টা হবে।’ এ ছাড়া গতকালের সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে দলগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হবে। বাবু জানান, যাচাই শেষে বিষয়টি ফেডারেশনের কাছে এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নারী লিগসহ সব আয়োজন ফিফার নিয়ম মেনেই পরিচালনা করা হবে।
আগামী ৪ ফেব্রুয়ারি  বাফুফের কংগ্রেস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই কংগ্রেসে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। কংগ্রেসে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যেসব অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট সম্পন্ন হবে, সেগুলো উপস্থাপন করা হবে বলে জানান বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া এই ফুটবলারের চিকিৎসা, অস্ত্রোপচার, হোটেলে থাকা ও যাতায়াতের খরচ বহন করবে ফেডারেশন। প্রয়োজন হলে তাকে বিজনেস ক্লাসে বিদেশে নেয়ার ব্যবস্থাও করা হবে। বাবু জানান, ফিফার কাছ থেকে কোনো সহায়তা পাওয়া গেলে সেটি আলাদা বিষয়। চিকিৎসার খরচে ফিফার সহায়তার বাইরে যা প্রয়োজন হবে, ফেডারেশন তা বহন করবে। জাহেদী বলেন, ‘সাদ আমাদের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। খেলতে গিয়ে সে ইনজুরড হয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ফিফা সাপোর্ট দেবে; এর অতিরিক্ত যদি কিছু লাগে- সেটি ফেডারেশন বহন করবে।’
কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। এ দিকে সিলেটে হাইব্রিড মাঠ নির্মাণের প্রস্তুতিও চলছে। জানান জাহেদী। সভায় সাবেক বাফুফে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার বুলবুলের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। গুরুতর অসুস্থ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে তোফা নামে অসুস্থ আরেক ব্যক্তির সুস্থতার জন্যও দোয়া চাওয়া হয়।
এএফসির দু’টি পুরস্কার পাওয়ার পর প্রথম নির্বাহী কমিটির সভায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে। জাহেদী জানান, এক বছরে দু’টি এএফসি পুরস্কার পাওয়ার নজির রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী বাফুফে। এ বছর ফুটসালে দু’টি শিরোপা জেতা নারী দল এবং অনূর্ধ্ব-১৫ দলের সাফল্যের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে নির্বাহী কমিটি। 
দীর্ঘ দিন ধরে দু’টি প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্পন্সরশিপের অর্থ। বকেয়া অর্থ আদায়ের প্রক্রিয়া এগিয়ে নিতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।