
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় কন্ডিশনের সাথে মানিয়ে ব্যাটারদের মেলে ধরতে সহায়তা করবেন- এমন একটা আশা নিয়েই বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকান ডেল বেনকেনস্টাইনকে। সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও ৪০০ তুলে চমক দেখিয়েছিলেন হৃদয়, লিটনরা। বাংলাদেশের সে ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়া ব্যাটিং কোচের বড় অবদানের কথা যদি কেউ ভেবে থাকেন, তবে তা ভুল! জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ১৬৮ রানে। আর সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ১১ ব্যাটার মিলে এক শ’ই করতে পারলেন না; বাংলাদেশ অলআউট ৯১ রানে। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট। এমন ব্যাটিংয়ে প্রশ্ন উঠেছে, বেনকেনস্টাইনের কাজটা কী? পরবর্তীতে তিনি থাকবেন তো, নাকি আবারো ব্যাটিং কোচের পরিবর্তন।
সেই প্রশ্নই তুলে দিলেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটার আফতাব আহমেদ। বাংলাদেশের বাজে ব্যাটিংকে কাঠগড়ায় তুলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ক্রিকেটার লিখেছেন, ‘৯১ রান ও ১৮৪ রানে অলআউট। এখন তাহলে বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ কে।’
ডারউইনে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটে জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৯ ম্যাচে জয়হীন বাংলাদেশ; যার মধ্যে দু’টি টেস্ট ড্র হয়েছে এবং বাকি সাত ম্যাচ হেরেছে। এমন হতাশাজনক অবস্থার মূল কারণ বাজে ব্যাটিং। বাংলাদেশের লাগাতার ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আফতাব। যেখানে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করেছে, অথচ বাংলাদেশের ব্যাট থেকে এসেছে মাত্র ৯১ রান। গত ২৮ অক্টোবর মিরপুরে শুরু হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। শেষটা হয়েছিল ৯ নভেম্বর সিলেটে দ্বিতীয় টেস্ট ড্রয়ের মাধ্যমে। তবে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে ২৪ অক্টোবর বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে; অথচ ২০২৫ সালের নভেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত তার অধীনে বাংলাদেশের ব্যাটিং তুলনামূলক ভালোই ছিল। মুশফিকুর রহীম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা করেছিলেন সেঞ্চুরি।
ব্যাটিং কোচ হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আশরাফুল ২৫ অক্টোবর সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আটটি টেস্ট ম্যাচে কাজ করছি। পাঁচটি জিতেছি, একটি ড্র। ব্যাটারদের প্রায় ৪৫-৫০ গড়। ওয়ানডেতে ১৪ ম্যাচ কাজ করছি। সেখানে ব্যাটাররা শেষ চার-পাঁচ ম্যাচে ভালো করেনি। আগের ৯ ম্যাচ যদি দেখেন, আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে সিরিজ হারালাম। নিউজিল্যান্ড, পাকিস্তানকেও হারিয়েছি। সেখানেও আপনি ব্যাটারদের গড় দেখেন, ৪৫-৫০ গড়ে খেলেছে।’
বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করতে বিন্দুমাত্র পিছুপা হন না আফতাব। ক’দিন আগে তিনি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের অধীনে অবকাঠামোগত উন্নয়ন হলেও ক্রিকেটার কি সঠিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেনকেনস্টাইনের সাথে আছেন আরো এক দক্ষিণ আফ্রিকান মালিবংগোয়ে মাকেতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









