
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ হলো চরম হতাশায়। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও হার, সেটিও ইনিংস ব্যবধানে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ভগ্নদশা এতটাই প্রকট ছিল যে ম্যাচ শেষ হতে আড়াই দিনও লাগেনি। ভিয়ান মুল্ডারের ব্যাট হাতে সেঞ্চুরির পর বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। বাংলাদেশের সামনে এবার ওয়ানডে অভিযান। কুগোম্পো সিটিতে আগামী ১ ডিসেম্বর প্রথম ওয়ানডে।
সব মিলিয়ে ম্যাচে খেলা হয় ১৯৮.১ ওভার। এর মধ্যে ১১৫ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৩.১ ওভারে দুই ইনিংসের ২০ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তাতে প্রোটিয়াদের মাঠে বাংলাদেশের নাজুক পরিসংখ্যান নেমে গেল আরো তলানিতে। বাংলাদেশের বিপক্ষে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়া তৃতীয় ক্রিকেটার মুল্ডার। টেস্ট ইতিহাসে একই সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে সাত উইকেট নেয়া পঞ্চম ক্রিকেটার তিনি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে আরো এগিয়ে গেল প্রোটিয়ারা। ৯ ম্যাচে ৭২ পয়েন্ট (৭৭.৭৭ শতাংশ) নিয়ে শীর্ষস্থান আরো পোক্ত হলো তাদের। বিপরীতে ১০ ম্যাচে ৪৪ পয়েন্ট (৩৬.৬৭ শতাংশ) নিয়ে এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেল বাংলাদেশ।
ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৯১ রান। জবাবে সাত উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৪০৩ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। এমন ব্যবধান পেরিয়ে ম্যাচে ফেরার আশা বাস্তবিক অর্থেই ছিল ক্ষীণ। তবু দ্বিতীয় ইনিংসে অন্তত লড়াইয়ের মানসিকতা দেখানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই পরীক্ষাতেও ব্যর্থতার পুনরাবৃত্তি।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য প্রথম ইনিংসের মতো ভয়াবহ ছিল না। তানজিদ হাসান, তামিম ও মাহফিজুল ইসলাম রবিনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৮ রান। তবে এই জুটি ভাঙার পরই আবারো পুরনো চেহারায় ফিরে যায় বাংলাদেশের ব্যাটিং। ৪৮ বলে ২৯ রান করে তানজিদ ফিরলে শুরু হয় পতন। ভিয়ান মুল্ডারের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই একই বোলারের শিকার হন মুমিনুল হক। কোনো রান না করেই ফেরেন অভিজ্ঞ এই বাঁ হাতি ব্যাটার।
এরপর মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে রবিনের বিদায়। ৬২ বলে সাতটি চারে ৩৮ রান করেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির কাছাকাছি গিয়েও সেটি আর ছোঁয়া হয়নি। ৭৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ সামাল দেয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে ছিল আক্রমণাত্মক মেজাজ। ইয়ানসেনের এক ওভারেই তিনটি চার মেরে বুঝিয়ে দেন, উইকেটে থিতু হতে পারলে পাল্টা আঘাত হানার সামর্থ্য তার আছে। পরের দিকে কাগিসো রাবাদার বলেও বাউন্ডারি আদায় করেন তিনি। শান্তকে সাথে নিয়ে গড়েন ৭৬ বলে ৫০ রানের জুটি। মনে হচ্ছিল, অন্তত এই জুটি বাংলাদেশকে কিছুটা হলেও লড়াইয়ে ফেরাবে।
সেই আশাও বেশিক্ষণ টেকেনি। ৩৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দেন হৃদয়। দলীয় ১২৮ রানে ভাঙে চতুর্থ উইকেটের জুটি। বাংলাদেশের ইনিংসে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। হৃদয়ের বিদায়ের পর লিটন দাস ও শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৩০ রানের জুটিও ভেঙে দেন সেই মুল্ডার।
এরপর সেঞ্চুরিয়নের আকাশে যেন বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর নেমে আসে ঝড়। একের পর এক উইকেট তুলে নিয়ে সফরকারীদের প্রতিরোধের শেষ চিহ্নটুকুও মুছে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। জাকের আলী ও শরিফুল ইসলামকে টানা দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান মুল্ডার। সেখানেই থামেননি। নিজের পরের ওভারে শান্তকে ৩৪ রানে ফিরিয়ে দেন। তার পরের ওভারেই তাসকিন আহমেদকে বোল্ড করে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং লাইনআপকে নিশ্চিহ্ন করে দেন।
মুল্ডারের বোলিং ফিগারই বলে দিচ্ছে বাংলাদেশের অসহায়ত্বের গল্প। ১১ ওভারে মাত্র ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন সাত উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ উইকেটটি নেন ইয়ানসেন। তার বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে পাঁচ রানে ফেরেন সৈয়দ খালেদ আহমেদ। দুই রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন। ৪৯.৪ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, সংগ্রহ ১৮৪ রান।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দল। হৃদয়ের ৪১, শান্তর ৩৪ এবং রবিনের ৩৮ রান ছাড়া উল্লেখ করার মতো অবদানও ছিল সামান্য। বিপরীতে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছেন, আর বোলাররা দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিংকে চাপে রেখেছেন।
সেঞ্চুরিয়নে ম্যাচের শেষ দৃশ্যটা ছিল অনুমিতই। ইনিংস ও ২১৯ রানের জয় দিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সাফল্যের পর দক্ষিণ আফ্রিকা সফরে এমন ভরাডুবি বাংলাদেশের জন্য বড় ধাক্কা বৈকি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস : ৯১ ও দ্বিতীয় ইনিংস : ৪৯.৪ ওভারে ১৮৪ (তানজিদ ২৯, মাহফিজুল ৩৮, মুমিনুল ০, শান্ত ৩৪, হৃদয় ৪১, লিটন ১৫, জাকের ২, শরিফুল ০, তাসকিন ১০, খালেদ ৫, ইবাদত ২*; রাবাদা ১/৩৭, ইয়ানসেন ২/৪৮, মুল্ডার ৭/৩১)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৯৪/৭ ডি.
ফল : দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২১৯ রানে জয়ী।
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-০ বথ্যবধানে জয়ী।
ম্যাচ সেরা : ভিয়ান মুল্ডার।
সিরিজ সেরা : মার্কোস অ্যাকারম্যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









