পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার, সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা
ads

নিজস্ব প্রতিবেদক

তৈরী পোশাক শ্রমিকদের গ্রেডভিত্তিক সর্বনিম্ন মজুরি ১৭ হাজার থেকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল বুধবার বোর্ডের বৈঠকে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নতুন কাঠামোয় নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা আগের বিভিন্ন সময়ের ঘোষিত বৃদ্ধির হারের চেয়ে বেশি।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির মাধ্যমে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধির মাধ্যমে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবার সুপারিশ করা বৃদ্ধির হার বেশি।
নতুন মজুরিকাঠামো নির্ধারণ করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারেন।
মন্ত্রী আরো বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে সরকার। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে খাপখাইয়ে নিতে সহায়তা করবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বর টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সাথে মালিকপক্ষকে শ্রমিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার অনুরোধ করেন তিনি।