
বিশেষ সংবাদদাতা
ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। গত ৩১ আগস্টের তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। যা শতকরা হিসাবে বেড়েছে ০.৩৫ শতাংশ। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে প্রকাশিত ভোটার তালিকা হালনাগাদ-নভেম্বর ২০২৬-এর চূড়ান্ত তথ্যে এ চিত্র উঠে এসেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে জানান, এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। তার তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ তারিখে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ১ হাজার ২৬৭ জন।
নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার : হালনাগাদে যাদের জন্ম ৩১ অক্টোবর ২০০৮ বা তার আগে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম চালানো হয়। ৫ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ৩ লাখ ১৯ হাজার ৫০৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ২০০, নারী ১ লাখ ৫ হাজার ২৮৮ এবং হিজড়া ২১ জন। পরে রিভাইজিং অথরিটির যাচাই-বাছাই শেষে আরও ১ লাখ ৩২ হাজার ৫৯৭ জন তালিকাভুক্ত হন। তাদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৭০৯, নারী ৫০ হাজার ৮৭৯ এবং হিজড়া ৯ জন।
দুই ধাপ মিলিয়ে হালনাগাদে মোট নতুন ভোটার হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৫ হাজার ৯০৯, নারী ১ লাখ ৫৬ হাজার ১৬৭ এবং হিজড়া ৩০ জন। হালনাগাদের পর বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ১ হাজার ২৯৭ জন।
নারী-পুরুষ ব্যবধান বেড়েছে : নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর প্রায় দ্বিগুণ। ফলে নারী-পুরুষ ভোটারের ব্যবধান আরো বেড়েছে। আগস্টে পুরুষ ভোটার নারীর চেয়ে ২২ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন বেশি ছিলেন। এখন সেই ব্যবধান দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৪ হাজার ৬৯৬ জনে।
ইউপি নির্বাচন নিয়ে সংলাপ : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশ নেয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









