
নিজস্ব প্রতিবেদক
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তার সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হবে। প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রফতানিমুখী শিল্পে রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল গোশত, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রফতানি করেছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, গোশত ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরো বাড়ানো সম্ভব। তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরো স্বনির্ভর হয়ে উঠবে। একই সাথে স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল গোশত, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রফতানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যথাযথ নিয়ম মেনে আরো অনেক অপ্রচলিত পণ্য রফতানির সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। কারণ এ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রফতানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।
২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এ আয়োজনের সাথে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









