হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণকে আলাদা দেখছে ভারত
ads

 নয়া দিগন্ত ডেস্ক 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ভারত তাকে প্রত্যর্পণের চেয়ে আলাদা বিষয় হিসেবে দেখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, হাসিনাকে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘নির্ধারিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
এর আগে মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
মোজাম্মেল আলী বলেন, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য হাসিনা তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেছেন। দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটিতে অবস্থান করছেন হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
হাসিনাকে গ্রেফতারের ঘোষণা ঢাকার : হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি দেশে প্রবেশ করামাত্র গ্রেফতার হবেন। অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন। 
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসিনা। তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতেও রাজি আছেন।
পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি : বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সাথে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধ নেয়ার কথাও বলেছেন তিনি।
দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে মঙ্গলবার তার এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তখনই এমন মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ঢাকা একাধিকবার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে নয়াদিল্লি এ বিষয়ে বরাবরই বলছে, বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন শেখ হাসিনার প্রত্যাবর্তন, তার প্রত্যর্পণ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।
এনডিটিভির প্রশ্ন, হাসিনা এখন কোথায় : গত মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন বলে ধারণা করা হয়। তবে তার সুনির্দিষ্ট অবস্থান কখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। ওই বছরের অক্টোবর মাসে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে সরকারের দেয়া একটি বাংলোতে অবস্থান করছেন তিনি। রাজধানীর অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায়ও নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী মোতায়েন রয়েছে। তাদের কেউ কেউ সাধারণ পোশাকে নজরদারি করেন।
ভারতের সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি প্রথম দিকেই শেখ হাসিনার একটি একান্ত সাক্ষাৎকার নেয়। জুন মাসে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছিলেন, চলতি বছরই বাংলাদেশে ফিরবেন।