পোশাক শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল
ads

নয়া দিগন্ত ডেস্ক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা করার দাবিতে দেশের চার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার এসব এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি, সড়ক অবরোধ ও কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল গাজীপুরে। সেখানে দিনভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ ও আনসার বাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে চার শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পাশাপাশি গ্রেড উন্নয়ন, ছুটির টাকা ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেও আন্দোলন হয়েছে।
গাজীপুরে দিনভর সংঘর্ষ, ভাঙচুর
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, সরকার গঠিত মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে ১৭ হাজার টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। এ কারণে তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে প্রবেশ করলেও পরে কর্মবিরতি পালন করে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নিয়ে ‘ত্রিশ হাজার মজুরি দিতে হবে’ ও ‘সতেরো হাজার মানি না’ স্লোগান দেন।
শ্রমিকদের অবরোধে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গী, মালেকের বাড়ি ও সালনাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: আশিক সাঈদ জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। অন্য দিকে গাজীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, ইটপাটকেলের আঘাতে আনসারের ১২ সদস্য আহত হয়েছেন। তাদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ দিকে শ্রীপুর শিল্পাঞ্চলে বুধবার সকালে কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্ট, ভিক্টোরিয়া গার্মেন্ট, লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলের সামনে হামলা চালানো হয়। কয়েকটি কারখানার ভেতরেও ঢুকে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ফখরুদ্দিন টেক্সটাইল কর্তৃপক্ষ জানায়, কারখানা বন্ধ থাকা অবস্থায় একদল যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করে। পরে আবারো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার দাবি করেছেন, পরবর্তী সময়ে হামলায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে প্রকৃত শ্রমিক ছিলেন না। তাদের মধ্যে ফ্যাসিস্ট গোষ্ঠীর লোকজন এবং ১৪-১৫ বছর বয়সী কিশোরও ছিল। এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা জানান, বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরো বাড়ানো হবে। আনসার উপপরিচালকও জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় আনসারের সদস্যসংখ্যা আরো দুই প্লাটুন বাড়ানো হবে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট অন্য একটি সূত্রের হিসাবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা ৫০টি।
সাভারে সড়ক অবরোধের চেষ্টা : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা উপস্থিত হন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বাগবাড়ি এলাকায় জড়ো হন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টা করা হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ  টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তবে হেমায়েতপুরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 
আশুলিয়ায় ৪৬ কারখানায় উৎপাদন বন্ধ : ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৪৬টি তৈরী পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ২১টি কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রেখেছে  কর্তৃপক্ষ। 
এ ছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রমিক অসন্তোষের জেরে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অস্থিরতার মধ্যেও শিল্পাঞ্চলের এক হাজারের বেশি কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকালে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের বেশ কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, হেমায়েতপুর এবং বাইপাইল এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যথায় তারা কাজে ফিরবেন না। শ্রমিকদের এই অবস্থানের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে।
ফতুল্লায় গ্রেড উন্নয়ন ও পাওনা পরিশোধের দাবি : নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার দুপুরে বিসিক ও মাসদাইর এলাকায় গ্রেড উন্নয়ন ও ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ফারিহা নিটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন একই গ্রেডে কাজ করলেও পদমর্যাদা ও বেতনকাঠামোর যথাযথ পরিবর্তন হচ্ছে না। সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে দাবি-দাওয়া জানান। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ দিকে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টের শ্রমিকেরা বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, কারখানাটি বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতনে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বাস্তবতার সাথে এ মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মজুরি পুনর্মূল্যায়ন করে আরো বাড়ানোর দাবি জানান তিনি। তবে শ্রমিকদের দাবি আদায়ে বিশৃঙ্খলা বা সহিংসতার পক্ষে নন বলেও জানান তিনি।