৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে হত্যাকাণ্ড, নেপথ্যে জিয়াউল
৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে হত্যাকাণ্ড, নেপথ্যে জিয়াউল।
ads

নয়া দিগন্ত ডেস্ক

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আপিল শুনানিতে আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। আসামিদের জবানবন্দী ও সুরতহাল প্রতিবেদনের সব তথ্য হুবহু মিলে যাওয়ায় হাইকোর্টের দেয়া সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি মামলার বিভিন্ন দিক ও জবানবন্দীর তথ্য তুলে ধরেন।
শুনানিতে আসামিদের জবানবন্দী উপস্থাপন প্রসঙ্গে অনীক আর হক জানান, এই মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং আরো ৯ জনকে ১০ বছর ও সাত বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। শুনানিতে প্রথমে হাইকোর্টের রায়ের কিছু অংশ পড়ে শোনানো হয়, যেখানে কার কী ভূমিকা ছিল তা উল্লেখ রয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। পুরো মামলাটি মূলত আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বুধবার আমরা সাবেক র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব:) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব:) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (অব:) এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দীর অংশবিশেষ পড়ে শুনিয়েছি। সময়ের অভাবে আবু তৈয়বের জবানবন্দীটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।
আসামিদের জবানবন্দীর ভয়াবহতার কথা উল্লেখ করে অনীক আর হক বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। জবানবন্দীতে তারা বলেছেন, “হ্যাঁ, পাঁচজনকে ধরেছিলাম। আরো দুইজন রাস্তায় আমাদেরকে ওদের ধরতে দেখে চিৎকার করছিল, তাই ওদেরকেও নিয়ে নিয়েছি।’ পরবর্তীতে তৎকালীন অধিনায়ক (সিও) তারেক সাঈদ নির্দেশ দেন, ‘সাতজনকেই গুম করে ফেলো।” হত্যাকাণ্ডের পর তারা জানান যে, সাতজনকে মেরে ফেলা হয়েছে এবং এরপর তারা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পুরো ঘটনাটি শুনলে মনে হবে যেন কোনো সিনেমার পাতা থেকে উঠে এসেছে। কিন্তু এই কথাগুলো আসামিরা নিজেরাই জবানবন্দীতে বলেছেন এবং প্রত্যেকের বক্তব্য একজনের সাথে আরেকজনের হুবহু মিলে যাচ্ছে।’ মৃত্যু নিশ্চিত ও লাশ গুমের কৌশল জবানবন্দীর বরাত দিয়ে তিনি আরো জানান, আসামিরা প্রথমে পলিথিন বেঁধে ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ট্রলারে করে নিয়ে নদীতে ফেলার সময় লাশগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত (পোচ দিয়ে পেট চিরে) করা হয়। সুরতহাল (ইনকোয়েস্ট) প্রতিবেদনের সাক্ষীদের বক্তব্যের সাথেও আসামিদের এই বর্ণনার শতভাগ মিল পাওয়া গেছে।
সাক্ষ্য ও জবানবন্দীতে এই হত্যাকাণ্ডের পেছনে পাঁচ থেকে ছয় কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নেপথ্যের নির্দেশদাতার বিষয়ে তিনি বলেন, সবকিছুর পেছনে একজন ‘গডফাদার’ মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ছিলেন, যার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলছে। তারেক সাঈদ নিজেই জবানবন্দীতে বলেছেন যে, তার প্রথম নির্দেশ এবং অনুমতি ছাড়া র‌্যাব তখন কোনো কিছুই করত না। সবশেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, হাইকোর্ট অত্যন্ত নিখুঁতভাবে ও বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের প্রাপ্য শাস্তি দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যেকোনো সুস্থ মানুষই এই আসামিদের জন্য একই শাস্তি কামনা করবেন।