
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেয়ার সময় বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ উদ্ধার করেন। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।
বদর উদ্দিন চুয়াডাঙ্গার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বদর উদ্দিন প্রতিদিনের মতো গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান। রাতে বিলের পাশে একটি কুড়েঘরে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বুধবার ভোরে স্থানীয়রা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









