
সিলেট ব্যুরো
নিখোঁজের কয়েক ঘণ্টা পর সিলেট নগরীর সুরমা নদী থেকে এক মা ও তার ১১ মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার নদীর ঘাট থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাদের মেয়ে জয়স্মিতা বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে শিশুকন্যাকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের খবর পান স্বজনরা।
জীবনানন্দ বিশ্বাস জানান, তাদের মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তিন মাস বয়সে রোগটি শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে তার স্ত্রী দুশ্চিন্তায় ছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেয়া হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ বা মনোমালিন্য ছিল না বলেও দাবি করেন তিনি।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী গতকাল বুধবার দুপুরে জানান, মাছিমপুর এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









