৪ দফা সময় বাড়িয়েও শেষ হয়নি লাঙ্গলবাঁধ গড়াই সেতুর কাজ
ads

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) 

ঝিনাইদহের শৈলকুপা ও রাজবাড়ীর পাংশা উপজেলার লাঙ্গলবাঁধ-নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ কবে শেষ হবে, তা জানেন না দুই পাড়ের মানুষ। ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ চার দফায় সময় বাড়িয়েও শেষ করা যায়নি। নির্ধারিত সময় পেরিয়ে কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৭৫ শতাংশ। এতে নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি চালু হলে ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি মাগুরা ও ঝিনাইদহ থেকে ঢাকায় যাতায়াতের সড়কপথের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার কমবে বলে আশা করছেন স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ১০ অক্টোবর বর্ধিত সময়সীমা শেষ হলেও নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে। 
সম্প্রতি নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, সেতুর চারটি স্প্যান ও দু’টি গার্ডার স্থাপন বাকি রয়েছে। রাজবাড়ী প্রান্তে মাত্র চার-পাঁচজন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। শ্রমিকসঙ্কটে কাজের গতি কমেছে বলে জানা গেছে। নাদুরিয়া গ্রামের শিক্ষার্থী মো: আবদুল্লাহ প্রতিদিন নৌকায় গড়াই নদী পার হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। সে জানায়, সেতু চালু হলে বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে মাত্র ১০ মিনিট লাগত। সেতু নির্মাণের আশায় বিদ্যালয়ে ভর্তি হলেও তার স্কুলজীবন প্রায় শেষের দিকে, অথচ সেতুর কাজ শেষ হয়নি। 
শৈলকুপার মালিথিয়া (লাঙ্গলবাঁধ) আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম মোল্লা বলেন, রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার কয়েকটি গ্রাম থেকে শতাধিক শিক্ষার্থী এ কলেজে পড়াশোনা করে। নদী পারাপারের সমস্যায় তারা নিয়মিত ক্লাস করতে পারে না। সেতুটি চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং কলেজে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে। এ দিকে সেতু পরিদর্শনে এসে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আছাদুজ্জামান এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সংসদ সদস্য মো: হারুনের উপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ৭ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে তাতেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।  নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক পিকুল হোসেন জানান, নিয়মিত মজুরি না পাওয়ায় ১৫ জন শ্রমিকের মধ্যে ১২ জন কাজ ছেড়ে চলে গেছেন। বর্তমানে কর্মরত শ্রমিকেরাও গত চার মাস ধরে মজুরি পাননি। 
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল হামিদ বলেন, সেতুর নির্মাণকাজ শেষ করতে আরো এক বছর সময় লাগবে। এ জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, সংযোগ সড়কের জন্য দুই পাশের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে কাজের গতি কমেছে। তবে জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পর সংযোগ সড়কের কাজ শুরু হবে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।