
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজারো কৃষকের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। বোরো ধান, সরিষা ও তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
গত বছরও একই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এ অঞ্চলের অনেক কৃষক। সরজমিনে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপদসীমা ১০৮ ফুট এমএসএল। এরপর পানি কমতে থাকায় হ্রদের বিভিন্ন স্থানে চর জেগে উঠতে শুরু করে। এতে কৃষকরা নতুন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি আবারো প্রায় এক ফুট বেড়ে যায়। এতে বিভিন্ন এলাকার বীজতলা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি চাষাবাদ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজ চাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে তারা চাষাবাদে নেমেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি ভাড়া নিয়েছেন, আবার কেউ আড়ত থেকে এক-দুই লাখ টাকা অগ্রিম নিয়ে চাষ শুরু করেছেন। এ অবস্থায় পানি বেড়ে বীজতলা নষ্ট হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত হ্রদের পানি আরো অন্তত পাঁচ ফুট কমানোর দাবি জানিয়েছেন তারা। লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, ‘গত বছরও উপজেলার অনেক কৃষক কাপ্তাই হ্রদের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
এবারো আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষকদের বড় ধরনের বিপাকে পড়তে হবে। ইতোমধ্যে সরিষা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি অনেক কৃষক। কৃষকদের স্বার্থে দ্রুত পানি কমানো প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’ কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘হ্রদের পানি কমানোর বিষয়টি এখন আর তার নিয়ন্ত্রণে নেই। যেভাবে পানি কমছে, সেভাবেই কমতে থাকবে। গত বছর এ সময়ে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট, বর্তমানে রয়েছে ১০০ ফুট এমএসএল।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘হ্রদের পানি দ্রুত কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









