
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দিন সড়কসংলগ্ন বেতুয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ার পাঁচ মাস পার হলেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ দৃশ্যমান হয়নি। এতে রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
২০০৩ সালে নির্মিত প্রায় ৪৫ মিটার দীর্ঘ আয়রন সেতুটি ছিল স্থানীয় মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। গত ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক মো: নাইম (২৫) নিহত এবং হেলপার মো: আল আমিন (১২) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে সেতুটি দিয়ে স্বাভাবিক চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পারাপারের ব্যবস্থা না করায় স্থানীয় বাসিন্দারা সুপারি গাছ ও বাঁশ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন।
জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো পারাপার করতে হচ্ছে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের। স্থানীয় বাসিন্দা মাওলানা মো: ইয়াছিন, মো: ফয়েজ উল্যাহ, মো: লোকমান, আবু মিয়া, মো: বাবুল, মো: শামীম মাস্টার, মো: জাবের, মো: জসীম ও মো: মোসলেহ উদ্দিন জানান, সেতুটি ভেঙে যাওয়ায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে মারাত্মক বিঘœ ঘটছে। দ্রুত নতুন সেতু নির্মাণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন।
তারা জানান, জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের গ্রামের বাড়ির পূর্ব পাশে বেতুয়া খালের ওপর সেতুটি নির্মিত হয়েছিল। ২০০৩ সালে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এটি নির্মাণ করা হয়।
এ বিষয়ে লালমোহন উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো: রাসেল বলেন, সেতুটি কয়েকটি প্রকল্পের আওতায় ডিপিপিতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে সেতুর মাটি পরীক্ষা ও টপোগ্রাফিক্যাল সার্ভে সম্পন্ন করে প্রতিবেদন সদর দফতরের ডিজাইন ইউনিটে পাঠানো হয়েছে। ডিপিপি অনুমোদন হলে নকশা ও প্রাক্কলন তৈরি করে দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









