
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল ও রি-রোলিং মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের পরিবেশ। দূষিত হচ্ছে বাতাস ও জলাশয়। বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে তারাবো পৌরসভা ও ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা, মৈকুলী ও কর্ণগোপ এলাকায় এ দূষণের প্রভাব প্রকট আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৪টি স্টিল ও রি-রোলিং মিলের কালো ধোঁয়ায় দিনের বেলাতেও কোথাও কোথাও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। দূষণের কারণে শিশু, নারী ও বয়স্করা সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো পৌরসভা ও আশপাশে আরবি স্টিল মিল, হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস, বিক্রমপুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিল, আল-ফালা, আল-রাজি, কবির, আল-আরাফা, এএসআরএম, ছালছাবিল, প্রিমিয়ার ও মজুমদার স্টিলসহ ১৪টি মিল কারখানা রয়েছে। এসব কারখানার বেশির ভাগের বিরুদ্ধে পরিবেশদূষণ ও শ্রমিক নিরাপত্তাবিধি না মানার অভিযোগ রয়েছে। কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা ও মামলার শিকার হতে হয় বলেও জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, কারখানাগুলোর চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে বাড়িঘর, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ঘরের চাল ও দেয়াল কালো করে রেখেছে। অনেক ভবনের দেয়ালে পড়ছে কালো আস্তরণ। ঢাকা-সিলেট মহাসড়কের বরপা থেকে কর্ণগোপ ইউএস-বাংলা হাসপাতাল পর্যন্ত বিভিন্ন স্থানে ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে যান চলাচলেও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ধোঁয়ার কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায়ও স্বয়ংক্রিয় অগ্নিসঙ্কেত বেজে ওঠার ঘটনাও ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, পুরনো লোহা গলানোর সময় নির্গত ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই কারখানগুলোর। ফলে কারখানার দূষিত গরম পানি খাল ও জলাশয়ে ফেলে দেয়ার কারণে পানির মাছও মারা যাচ্ছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য দিকে ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ নিশ্চিত করা হচ্ছে না। দুর্ঘটনায় শ্রমিক হতাহত হলেও যথাযথ ক্ষতিপূরণ দেয়াও হয় না বলে অভিযোগ রয়েছে।
বরপা গ্রামের নাইমুল ইসলাম বলেন, কারখানার কালো ধোঁয়ায় আশপাশের এলাকা কুয়াশাচ্ছন্ন অন্ধকার হয়ে থাকে। আড়িয়াবো গ্রামের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ধোঁয়া নির্গত হতে থাকে। এতে শিশু ও নারীদের শ্বাস নিতে কষ্ট হয়। ঘরে ঘরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট লেগেই আছে।
কর্ণগোপ গ্রামের বাদল হোসেন বলেন, কালো ধোঁয়ার কারণে আমগাছে ফল ধরছে না, সবজিও নষ্ট হচ্ছে। আড়িয়াবো গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, ধোঁয়ার কারণে ছাদে শুকাতে দেওয়া কাপড় কালো হয়ে যায়। বলাইখা গ্রামের আলম হোসেনের অভিযোগ, পুরোনো লোহা গলানোর সময় সৃষ্ট ধোঁয়া বাতাসে ছড়িয়ে পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলে।
কর্ণগোপ গ্রামের সাইফুল ইসলাম বলেন, কারখানার গরম ও দূষিত পানি খালে ফেলার কারণে পুকুর ও জলাশয়ের মাছ মারা যাচ্ছে। মৈকুলী গ্রামের মেহদী হাসান পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও দায়ী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, স্টিল মিলের ধোঁয়ায় পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে পরিবেশ অধিদফতরে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ বলেন, তাদের কারখানার পরিবেশগত ছাড়পত্র রয়েছে এবং সব নিয়ম মেনেই তারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের পরিচালক নাছির উদ্দিন বলেন, তাদের কারখানায় আধুনিক পদ্ধতিতে রড উৎপাদন করা হয়। নির্ধারিত ১০০ ফুটের পরিবর্তে ১২০ ফুট উঁচু চিমনি ব্যবহার করা হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অরূপ রতন নাহা বলেন, ধোঁয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর প্রভাবে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে।
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণে চিমনির নির্ধারিত উচ্চতা ও ধোঁয়া পরিশোধনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নিয়মের ব্যত্যয় ঘটলে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি হয়। দূষণের জন্য দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও জরুরি। পরিবেশ ধ্বংস করে কোনো শিল্পকারখানা পরিচালনা করতে দেয়া হবে না। তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করে দায়ী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









