সড়ক, উন্নয়ন, চট্টগ্রাম,
গোসাইলডাঙ্গায় ২.২০ কোটি টাকার সড়ক উন্নয়ন, নিম্নমানের কাজে কড়া হুঁশিয়ারি। নয়া দিগন্ত
ads

চট্টগ্রাম নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসব প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিংসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।

কাজের মানে আপস নয়, হুঁশিয়ারি চসিক প্রশাসকের

বুধবার এসব উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, “উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।”

তিনি বলেন, গোসাইলডাঙ্গা এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। নগরীর প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চসিক কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে। ইনশাআল্লাহ, নগরীর প্রতিটি অলিগলির সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

তদারকিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা

প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর প্রতি উন্নয়নকাজ তদারকির আহ্বান জানিয়ে বলেন, এসব সড়ক দিয়ে আপনারা চলাচল করবেন, আপনাদের পরিবারের সদস্য ও সন্তানরা চলাচল করবে। তাই কাজের মান নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরও রয়েছে। ঠিকাদার কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ করছেন কি না, তা স্থানীয়ভাবে নজরদারি করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

প্রশাসক আরো বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নযাত্রাকে সফল করতে নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।