শায়খুল হাদিস মাওলানা গনী স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন
ads

নিজস্ব প্রতিবেদক
ইতিহাস, ঐতিহ্য আর মনীষীদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য প্রয়াস হিসেবে প্রখ্যাত আলেমে দ্বীনের কর্ম ও অবদান নিয়ে রচিত ‘শায়খুল হাদিস মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কৃতি’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদরাসায় মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, লেখক, গবেষক এবং বইপ্রেমীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রন্থটির রচয়িতা ও মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ তাক্বী। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন, কলামিস্ট ও লেখক মাওলানা রুহুল আমীন খান উজানবী। স্বাগত বক্তৃতা করেন, স্মারক সম্পাদক মাওলানা মুআয নূর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে বয়ান ও বক্তব্য প্রদান করেন- মুফতি হিফজুর রহমান, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মুফতি বশিরুল্লাহ, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণখান দারুল উলূম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শিব্বির আহমাদ, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমাদ উদ্দিন, জামিয়া রব্বানিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস ও মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতি আবদুল আজিজ, মাওলানা লিয়াকত হোসাইন, মুফতি কামরুজ্জামান কাউসার, আকাবিরে বাংলাদেশ’-এর সংকলক, লেখক ও গবেষক মুফতি ইমরান হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ জীবনপুরী, মুফতি যোবায়ের আহমাদ বিন আবুল বাশার এবং মানিকনগর জহির উদ্দিন মাদরাসার সহসভাপতি আলহাজ রফিক উল্লাহ ভূঁইয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- মতিঝিল ব্যাংক কলোনি মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, মুফতি তামিম মাজহার, হাফেজ আতাউল্লাহ, হাফেজ মাসউদ এবং শাহাবুদ্দিন আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদুল কবির জাকির-সহ দেশবরেণ্য বহু আলেম-ওলামা ও সুধীজন।