আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ জামায়াতের
ads

 নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 
এসব কর্মসূচি থেকে নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 
জেলায় জেলায় বিক্ষোভ আজ : আজ বৃহস্পতিবার দেশের সব জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সবার সহযোগিতা কামনা করছি।