
মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে একদিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬ বছর বয়সী মো: রেজাউল করিমের (৪৬) ঝুলন্ত লাশ স্থানীয় একটি মসজিদ থেকে উদ্ধার করেছে প্রশাসন। অন্য দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছেন আরেক প্রবাসী কুরমান (৫০)। মঙ্গলবার (২৪, নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
নিহত রেজাউল করিমের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। বাবার নাম আব্দুল মালেক ওরফে খোকা মণ্ডল। আর কুরমানের বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামে, বাবার নাম মিয়া খান।
একই এলাকার মালদ্বীপ প্রবাসী মো: মানিক হোসেন ও তার ছোট মেয়ের জামাতা নাসিবুল জানান, জীবিকার সন্ধানে ২০১৩ সালে মালদ্বীপে পাড়ি জমান রেজাউল করিম। দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করলেও অধিকাংশ সময়ই তিনি অনিয়মিত অবস্থায় ছিলেন। সর্বশেষ দেশটির রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশীদের পরিচালিত একটি গেস্টহাউজে রাঁধুনির কাজ করতেন। গত সোমবার (২৩, নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের বাধু দ্বীপের স্থানীয় একটি মসজিদ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া এক বাংলাদেশী প্রথম তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি দ্বীপে বসবাসরত অন্য প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
এ দিকে গত রোববার (২২ নভেম্বর) স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান ৫০ বছর বয়সী আরেক প্রবাসী বাংলাদেশী কুরমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও মেডিক্যাল রিপোর্টে তার মৃত্যুর কারণ স্ট্রোক উল্লেখ করা হয়েছে। নিহত কুরমানও দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে অনথিভুক্ত অবস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে তার লাশ রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে। হাইকমিশন আরো জানান, শুক্রবার (২৭ নভেম্বর) দুই প্রবাসীর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









