চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
ads

চট্টগ্রাম ব্যুরো
দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। বুধবার বিকেলে ৪টায় নগরীর বাদামতল, আগ্রাবাদ থেকে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মিছিল-পরবর্তী সমাবেশে তিনি বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সঙ্কট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী,  শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমির এম এ গফুর, খুলশি থানা আমির অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মকবুল আহমদসহ মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।