
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুই কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসব প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিংসহ নানা উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।
গতকাল বুধবার এসব উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে-ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।’
তিনি বলেন, গোসাইলডাঙ্গা এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া পায়নি। নগরীর প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চসিক কাজ করে যাচ্ছে। আগামী ছয় মাস, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত সড়ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে। ইনশাআল্লাহ, নগরীর প্রতিটি অলিগলির সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
প্রশাসক আরো বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নযাত্রাকে সফল করতে নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









