নওগাঁয় বৃদ্ধা ও বগুড়ায় ভ্যানচালক নিহত
ads

নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নওগাঁর মহাদেবপুরে এক বৃদ্ধা ও বগুড়ার দুপচাঁচিয়ায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া (৮২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর নামক স্থানে। নিহত মজিরণ বেওয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী। 
স্থানীয় সূত্র জানায়, মজিরণ বেওয়া নামের ওই বৃদ্ধা বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে রামেকে নিয়ে যাওয়ার সময় দুপুরে পথে তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামের ইজিবাইকচালক নিহত হয়েছেন। নিহত অটোভ্যানচালক উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত মনির শাহর ছেলে। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী খলিল সরকার গুরুতর আহত হয়েছেন। ২৫ নভেম্বর বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অটোভ্যানচালক যাত্রী নিয়ে মাঠেরপুকুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলই পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত আহতের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যানচালক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন এবং আহত খলিলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।