চট্টগ্রামে বাসায় রহস্যজনক বিস্ফোরণ একই পরিবারের ৩ জন দগ্ধ
ads

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে আবাসিক ভবনের নিচতলায় এক বাসায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রহস্যজনক এই বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের তিন বছর বয়সী মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। 
গত মঙ্গলবার গভীর রাতে নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কে আজিজ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আরিফ (২৭), তার স্ত্রী রাশেদা বেগম (২৩) ও মেয়ে আরিফা। 
জানা গেছে, আরিফের বাড়ি বগুড়ায়। দুই মাস আগে তিনি ওই বাসা ভাড়া নেন।
বিস্ফোরণে ওই বাসার দরজা-জানালা উড়ে গেছে। ভেতরের বিভিন্ন আসবাবপত্র প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাসার ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা আরিফের ভাই শরীফ ও স্থানীয়দের। তবে ভবন মালিক হায়দার আলী জানালেন, ভবনের কোনো বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় না। তারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আবাসিক গ্রাহক। বাসায় বিস্ফোরণের পরও স্বাভাবিক ছিল বিদ্যুতের লাইন। ফলে বিস্ফোরণের কারণ তাদের কাছেও পরিষ্কার নয়।