বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
ads

 খুলনা ব্যুরো
বর্ণাঢ্য আয়োজনে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এদিনে খুবি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করল। 
সকাল ১০টায় পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমসহ অতিথিবর্গ ও শিক্ষকরা অংশ নেন। 
শোভাযাত্রা শেষে ভার্সিটি মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি, সামাজিক ও শিল্প সংযোগের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নাজমুস সাদাত, খুবির প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুবির ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: খসরুল আলম। 
অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয় : অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাক্সক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো: আশিক উর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: নাসিফ আহসান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: সালাউদ্দীন। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেয়া হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ ছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলগুলো ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।