বেতার-বিটিভিসহ ১৫ প্রতিষ্ঠান ঢেলে সাজানোর উদ্যোগ
ads

সংসদ প্রতিবেদক

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করতে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে শিগগিরই উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠন করা হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় আলোচনা হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকারি ও বিরোধী দল ঐকমত্য প্রকাশ করে বলে, দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনমত গঠনে বাংলাদেশ বেতার, বিটিভি ও বাসসসহ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে বিগত শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বৈঠকে  একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের মত দেয়া হয়। পাশাপাশি বঞ্চনা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা ও অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া, সীমিত জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটি আগামী ১৬-২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করেছে। বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো: আশরাফ উদ্দিন এমপি, মো: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, মো: মজিবুর রহমান এমপি, ফাহমিদা হক এমপি, মো: শফিকুল ইসলাম এমপি এবং নাজমুন নাহার এমপি অংশ নেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ অধিদফতরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।