
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন করবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার জুলাই জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে।
গতকাল বিকেলে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর মহাপরিচালক এহ্মাহমুদ। আয়োজকরা জানান, এই ‘উইনটেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক শহীদদের স্মারক প্রদর্শনী বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে স্থান পাচ্ছে শহীদদের রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা, জায়নামাজ, তসবিহ, টুপি, চশমা, স্কুল ও কলেজের ব্যাগ, সাইকেল ও মুঠোফোন। এ ছাড়া শহীদ সাংবাদিক ও আলোকচিত্রী তাহির জামান প্রিয়র ব্যবহৃত ক্যামেরা ও নতুন একজোড়া জুতাসহ সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী, শিশু রিয়া গোপ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার শহীদদের আত্মত্যাগের অনন্য সব নিদর্শন এখানে প্রদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশে মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মুক্ত বাংলাদেশে কথা বলতে পারছি। শহীদদের এই মহান অবদান যেন জাতি কখনোই ভুলে না যায়, সেই স্মৃতিকে সদা জাগ্রত রাখতেই আমাদের এই আয়োজন।
সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে এ পর্যন্ত ৮৫৬ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থান সঙ্কুলান না হওয়ায় মাত্র ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহশালায় ইতোমধ্যে ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জমা পড়েছে। এবারের দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীতে সেই ৫৯০ জন শহীদের দুই হাজারেরও বেশি ব্যক্তিগত স্মৃতিস্মারক ও ব্যবহার্য সামগ্রী সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে।
প্রদর্শনীর পেছনের প্রেক্ষাপট ও আবেগ প্রসঙ্গে মহাপরিচালক এহসান মাহমুদ প্রদর্শনীর পেছনের তাগিদ তুলে ধরে বলেন, প্রতিদিনই শহীদদের মা-বাবা, ভাই-বোন ও স্বজনেরা জাদুঘরে আসেন। সম্প্রতি এক শহীদের মা এসে প্রশ্ন করেছিলেন- ‘আমার সন্তানের জিনিসগুলো কি শুধু লকারে বন্দি রাখার জন্য নিয়ে এসেছেন?’ মায়ের এই কথাই আমাদের পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। গ্যালারির সীমিত পরিসরের বাইরে এসে জাদুঘরের ১৭ দশমিক ৬১ একরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে বড় পরিসরে শহীদদের সব স্মারক মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিই আমরা।
তিনি আরো জানান, অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহে জাদুঘরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে। এহসান মাহমুদ জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়া ইতোমধ্যে ৪০টিরও বেশি শহীদ পরিবারের সদস্যরা এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের শহীদ স্বজনদের বীরত্ব ও স্মৃতিচারণ করবেন বলে নিশ্চিত করেছেন।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা- বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









