
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশের দাবিতে অনশন শুরু করেছেন নারী শিক্ষকরা। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলিপ্রত্যাশী নারী শিক্ষকদের ব্যানারে চার দাবি নিয়ে আমরণ অনশনে বসেন তারা। দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত অফিস আদেশ অবিলম্বে প্রকাশ করতে হবে; নির্ধারিত নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে; নারী শিক্ষকদের পারিবারিক ও মানবিক সঙ্কটকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত রেজাল্ট প্রকাশ; শিক্ষকসমাজের দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগের অবসান ঘটাতে হবে।
অনশনরত শিক্ষকরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন হলেও এখনো চূড়ান্ত বদলির অফিস আদেশ প্রকাশ না হওয়ায় হাজারো শিক্ষক চরম অনিশ্চয়তা ও মানসিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে নারী শিক্ষকরা স্বামী, সন্ধান, পরিবার ও বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক নানা সঙ্কটের সম্মুখীন হচ্ছেন। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনিও একটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। পরিবারের কাছাকাছি থেকে স্বাভাবিক ও মানবিক জীবনযাপনের প্রত্যাশা কোনো অন্যায় দাবি হতে পারে না। বদলির অফিস আদেশ প্রকাশে দীর্ঘসূত্রতা শিক্ষকদের সেই ন্যায্য প্রত্যাশাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। সূত্র জানায়, বদলির ফল প্রকাশের দাবিতে আমরণ অনশনরত নারী শিক্ষকরা রাতেও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন। অনশনে অংশ নেয়া একজন শিক্ষক জানান যতক্ষণ পর্যন্ত বদলির ফল প্রকাশ না হবে, ততক্ষণ আমরা প্রেস ক্লাবেই অবস্থান করব।
এ দিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কিভাবে সমাধান করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে। সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধিদল অনশনরত শিক্ষকদের সাথে কথা বলার কথা রয়েছে।
এর আগে গতকাল আমরণ অনশনরত নারী শিক্ষকদের মধ্য থেকে চার নারী শিক্ষককে আলোচনার জন্য ডেকেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সেই আলোচনা। গতকাল দুপুরে শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধিদলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সাথে কথা বলেন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো: সাখাওয়াত হোসেন খান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সেলিনা নামে এক সহকারী শিক্ষক। তিনি বলেন, পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরো কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
মাউশি পরিচালকের আহ্বানের জবাবে শিক্ষকরা জানান, বদলি না হওয়ায় তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের ছেড়ে চাকরি করতে হচ্ছে। যেহেতু আবেদন নেয়া হয়েছে, সেহেতু বদলির ফল প্রকাশের অনুরোধ জানানো হয়। শিক্ষকরা জানান, যেহেতু আমাদের ধৈর্য ধরতে হবে, সেহেতু এই ধৈর্য জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসেই ধরবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









