
বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের পণ্য রফতানির মাধ্যমে প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রচেষ্টা ধরা পড়েছে চট্টগ্রামে। গতকাল চট্টগ্রামের আইসিডি কাস্টমসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে পোর্টলিংক লজিস্টিকস নামীয় অফডকে অভিযান চালিয়ে এই জালিয়াতি উদঘাটন করা হয়।
আইসিডি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে- অভিযানকালে রফতানিকারক প্রতিষ্ঠান গাজীপুর সদরের ডাগের চালা এলাকায় বিকেসি সোয়েটার লিমিটেডের আওতাধীন রফতানি পণ্য চালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
কায়িক পরীক্ষায় পণ্যচালানটির ঘোষিত ৩ ধরনের পণ্য (১) লেডিস, মেনস, সোয়েটার-৩৯,৩৭৯ পিস (২) লেডিস স্কার্ট-৪৫৮ পিস (৩) লেডিস প্যান্ট- ১৭১ পিসের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০,০০৮ পিস বিভিন্ন ধরনের স্টকলটের তৈরী পোশাক পাওয়া যায়। পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০.৪০ মার্কিন ডলার এবং এর গন্তব্যস্থল ছিল লেবানন (ইউডিতে বর্ণিত নোটিফাই পার্টি বেলজিয়াম)।
সূত্র জানিয়েছে- প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রফতানিকারক প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) অধীনে আমদানিকৃত কাঁচামাল ৬০% অর্গানিক কটন ৪০% নাইলটন-২/২৩এনএম; ৭৫% পলিয়েস্টার ২৫% রিসাইকেলড পলিয়েস্টার (১/৬এনএম); ১০০% নাইলন ফেদার-১/১২এনএম বর্ণনার/ফেব্রিকেশন এবং বন্ড সুবিধায় আমদানিকৃত এক্সেসরিজ অবৈধভাবে অপসারণের বিষয়টি উদঘাটিত হয়।
সূত্র জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রফতানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য (স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরী পোশাক) রফতানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় সরকারের আনুমানিক ৭০ লক্ষ টাকার শুল্ক ফাঁকি এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









