সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪
সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪।
ads

সিলেট ব্যুরো

সিলেটের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আবদুস শুক্কুর, আমিনুর রহমান আমিন ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আটক করেছে। বুধবার ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এসএমপি পুলিশের একটি টিম সিলেটের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে ফেলে। ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয়। 
সকাল ৬টায় এসএমপির  ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তাদের বিরুদ্ধে খুন, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিষয়ে এসএমপি সূত্র বিস্তারিত জানাতে পারেনি। 
খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তাদের কাছে আটকদের হস্তান্তর করা হবে জানিয়েছে এসএমপি। একটি সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে এই চারজন সিলেটে অবস্থান নেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে তাদের আটক করা হয়।