
সিলেট ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা পুরনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের প্রতিরোধে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তার আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়, বরং আজ জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বুধবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এর আগে বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় মিছিল পূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন- জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, ডাক্তার ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন প্রমুখ।
অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। হাসিনা ও তার দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনো দিন ফিরতে পারবে না। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসিতে শাহাদাতবরণ করেছেন; কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিবাদের নৈরাজ্য মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









