
খুলনা ব্যুরো
খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের পরিচিতি সভা গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারের দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসনে উচ্চ আদালত ঢেলে সাজানো এবং দেশের সব অধস্তন আদালত ডিজিটালাইজড করতে হবে। বিচারব্যবস্থার গতি ফিরিয়ে আনা না গেলে একসময় আইনজীবীদের প্রতি মক্কেলদের আস্থার বড় সঙ্কট তৈরি হবে। শুধু ভবন নির্মাণ নয়, সাধারণ মানুষের জন্য কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করাই হওয়া উচিত আইনজীবী নেতৃত্বের প্রধান দায়িত্ব।
তিনি আরো বলেন, আইনজীবীর পেশা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়। এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জীবনাচরণ। একজন আইনজীবীকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিপদে পড়া মানুষ তার কাছে গিয়ে নিরাপদ বোধ করেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। শুভেচ্ছা বক্তৃতা করেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল ও আওছাফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আল আজাদ, আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী শাহ আলম, সাধারণ সম্পাদক প্রার্থী মো: শফিকুল ইসলাম লিটন, সহসভাপতি প্রার্থী মুহা: আব্দুল মান্নান ও সহসভাপতি প্রার্থী এ এ এম মুমিনুজ্জমান, যুগ্ম-সম্পাদক প্রার্থী মো: হানিফ উদ্দীন, লাইব্রেরি সম্পাদক প্রার্থী জি এম মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মো: হাফিজুর রহমান (শান্ত) এবং সদস্য প্রার্থী এস এম মাহবুবুর রহমান, মো: মুজাহিদুল ইসলাম, এস এম রুহুল আমিন, মো: লুৎফর রহমান, শর্মিষ্ঠা রানী কুন্ডু, শেখ মো: হুসাইন কবির ও মো: নবশের আলী শেখ।
শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে মোট বিচারক রয়েছেন ১০৪ জন। এর মধ্যে আপিল বিভাগে পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ৯৯ জন। আপিল বিভাগে প্রায় ৩৬ হাজার এবং হাইকোর্ট বিভাগে প্রায় ৩৩ লাখ মামলা বিচারাধীন। আপিল বিভাগের পাঁচজন বিচারকের সামনে এত মামলা থাকায় বিচারপ্রার্থীদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে হাইকোর্টে আপিল দায়েরের পর শুনানির জন্য দুই, চার, ছয়, এমনকি আট থেকে ১০ বছরও অপেক্ষা করতে হয়। মক্কেলরা বারবার আইনজীবীদের কাছে শুনানির তারিখ জানতে চান। কিন্তু আইনজীবীদেরও অনেক সময় কিছু করার থাকে না। বিচারব্যবস্থার গতি না ফিরলে আইনজীবীরা মক্কেলদের কাছে আস্থা হারাবেন।
আপিল বিভাগের সংস্কারের প্রস্তাব দিয়ে শিশির মনির বলেন, সেখানে ফৌজদারি, দেওয়ানি, কোম্পানি ও অন্যান্য বিষয়ের জন্য বিশেষায়িত বেঞ্চ গঠন করা প্রয়োজন। ১৫ জন বিচারক নিয়ে তিনজন করে পাঁচটি বেঞ্চ করা যেতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে সব বিচারক একসাথে শুনানি করবেন। এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে।
অধস্তন আদালতের কার্যক্রম ডিজিটাল করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখনো অনেক আদালতে সাক্ষীর জবানবন্দী ও জেরা হাতে লেখা হয়। এতে আইনজীবীর করা প্রশ্ন এবং সাক্ষীর দেয়া উত্তরের মধ্যে অসঙ্গতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। পরে নকল তোলার পর দেখা যায়, আইনজীবীর করা প্রশ্নের উত্তর যথাযথভাবে নথিতে আসেনি। এ অবস্থা থেকে উত্তরণে দেশের সব অধস্তন আদালত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে হবে।
খুলনার আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আগাম জামিনের জন্য আইনজীবীদের ঢাকায় যেতে হয়। জেলা ও মহানগর পর্যায়ের আদালতে আগাম জামিনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া প্রয়োজন। আইনজীবী সমিতির নেতৃত্বে যারা আসবেন, তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামের দু’টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









