
নিজস্ব প্রতিবেদক
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানের দাবিতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। নারী নির্যাতন মামলার বিচারিক দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ, অভিযোগ গ্রহণে অবহেলা বন্ধ, ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
নারীর নিরাপত্তা কেবল আইন বা নীতিগত ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন জামায়াতের মহিলা বিভাগের নেতারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি, নুরুন্নাহার পলি ও ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপদ নয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিচারক নিয়োগ বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনায় বিচার বিলম্বিত হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে সমাজে দায়মুক্তির প্রবণতা বাড়ে। তাই বিচারব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী নির্যাতনের শিকার হওয়ার পরও আইনের আশ্রয় নিতে চান না। মামলা করতে গিয়ে হয়রানি, সামাজিক চাপ ও নিরাপত্তার ঝুঁকি তাদের পিছিয়ে দেয়। এ অবস্থায় বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়া নারীর মৌলিক অধিকার। কিন্তু সমাজে অনেক সময় এই অধিকারকে নারীর প্রতি অনুগ্রহ হিসেবে দেখা হয়। নারীর নিরাপত্তাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। তিনি বলেন, যাতায়াতের ক্ষেত্রে নারীরা নানা ধরনের হয়রানি ও অনিরাপত্তার মুখে পড়েন।
ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা বলেন, নারীরা রাজপথ থেকে সংসদ পর্যন্ত নিরাপদ নন। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে গ্রহণ করা এবং অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি ও আপসের জন্য চাপ প্রয়োগ বন্ধ করা। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত এবং বিচার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করার পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করার দাবিও রয়েছে।
ডিজিটাল মাধ্যমে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীলতা, হয়রানি, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। একই সাথে ডিজিটাল অপরাধের ঘটনায় ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলে ধরা হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন বক্তারা। সচেতনতা, নৈতিক শিক্ষা, দায়িত্বশীল আচরণ ও আইনের প্রয়োগ একসাথে এগিয়ে নেয়ার পাশাপাশি নির্যাতনের শিকার কিংবা ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









