এক আধ্যাত্মিক ভ্রমণ
এক আধ্যাত্মিক ভ্রমণ ।
ads


ফাত্তাহ তানভীর রানা 
ধর্মীয় স্থানে, ধর্মীয় আনুষ্ঠানিকতায় ভ্রমণের তুলনা কারো সাথে হয় না। সৌদি আরবের মদিনা ও মক্কায় গমন আমার জীবনে তেমনি একটা অভিজ্ঞতা। সপরিবারে সৌদি আরব যাত্রা ছিল মূলত ওমরাহ সম্পন্ন করার জন্য। এটা একটা আধ্যাত্মিক যাত্রা, শান্তির ভ্রমণ। মহান আল্লাহর কাছাকাছি যাওয়ার প্রয়াস। আট দিন মক্কা ও পাঁচ দিন মদিনায় অবস্থান আমাকে অনেক দিয়েছে। এ এক অনন্য অনুভব! ভাষায় প্রকাশ করা কঠিন।
জেদ্দা এয়াপোর্ট থেকে নেমে গাড়িতে করে মদিনার পথে। মাঝে ব্রেক দিয়ে হালকা নাস্তা সেরে সরাসরি জুমার নামাজ আদায়। হোটেলে এসেই লাগেজ রেখে দুপুরের আহার সেরে মসজিদে নববীতে প্রবেশ করে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর রওজা পাকে সালাম দিয়ে আসরের সালাত আদায় করি। প্রফুল্ল মনে সব কিছুতে ইতিবাচক ভাবনা শুরু হয়। মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে নববীতে! অবস্থানকালীন ও হোটেলে যাওয়ার সময় অগণিত মুসল্লি আর আলোকিত পরিবেশ দেখছি, আর অবাক না হয়ে পারছি না। 
মসজিদে নববী মদিনা শহরে অবস্থিত। ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান এবং মক্কার মসজিদুল হারামের পর শ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদে এক রাকাত নামাজের সওয়াব সাধারণ মসজিদের তুলনায় এক হাজার গুণ বেশি। ৬২২ খ্রিষ্টাব্দে মহানবী সা: হিজরতের পর নির্মাণ করেন। মসজিদের পূর্ব প্রান্তে মহানবী সা: এবং তার দুই সঙ্গী প্রথম খলিফা হজরত আবু বকর রা: ও দ্বিতীয় খলিফা হজরত উমর রা:-এর কবর রয়েছে। নবীজীর ঘর (হুজরাখানা) ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি ‘রওজাতুল জান্নাত’ বা জান্নাতের বাগান হিসেবে পরিচিত। ১৮১৭ খ্রিষ্টাব্দে নবীজীর রওজা শরিফের উপর বিখ্যাত সবুজ গম্বুজটি নির্মাণ করা হয়। মসজিদে নববীতে ৪২টি দরজা রয়েছে। ‘বাবে আস-সালাম’ হলো প্রাচীনতম ও বৃহত্তম দরজা। এ ছাড়াও মসজিদে নববীতে ১০টি মিনার রয়েছে। প্রতিটি মিনারের চূড়ায় স্বর্ণ দিয়ে প্লেট করা ব্রোঞ্জের একটি বিশাল চাঁদ রয়েছে। প্রধান মিনারগুলো প্রায় ৩৪৪ ফুট উঁচু।
আল আরিশ মসজিদ : ‘মসজিদ আল-আরিশ’ বর্তমানে স্থানীয়ভাবে ‘মসজিদ বদর’ নামে পরিচিতি লাভ করেছে। বদরের যুদ্ধের সময় এই স্থানটিতে রাসূলুল্লাহ সা:-এর তাঁবু স্থাপন করা হয়েছিল। সেখানে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ছিল। এ জন্য ‘মসজিদ আল-আরিশ’ বদর যুদ্ধের স্মারক।
বদর যুদ্ধের প্রান্তর : ইসলামের ইতিহাসের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান দর্শনের অংশ হিসেবে মদিনা থেকে বদর যুদ্ধের প্রান্তরে যাই, সাথে বরিশাল হজ কাফেলার সবাই। বদরের যুদ্ধ হলো, মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম ও সবচেয়ে বড় যুদ্ধ। ৬২৪ খ্রিষ্টাব্দে (২ হিজরি, ১৭ রমজান) হওয়া এ যুদ্ধে ৩১৩ জন মুসলিম ও এক হাজার  কুরাইশ অংশ নিয়েছিল। মুসলিমদের সাহায্য করার জন্য আল্লাহতায়ালা বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়েছিলেন। আল কুরআনে  (সূরা আল-ইমরান, ১২৪-১২৫) রয়েছে যে, ফেরেশতারা সরাসরি যুদ্ধক্ষেত্রে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করে।  
জাবালে মালাইকা : জাবালে মালাইকা আসমানি সাহায্যের একটি পবিত্র নিদর্শন, যা বদর যুদ্ধের ময়দানের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। সৌদি আরবের বদর প্রান্তরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড় যেখানে ৬২৪ সালে বদর যুদ্ধের সময় মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা মুসলমানদের সহায়তার জন্য অবতরণ করেছিলেন।
বীরে শিফা : বীরে শিফা একটি দূষিত ও লবণাক্ত পানির কূপ ছিল, যা মদিনা থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে বদর যুদ্ধের কাছাকাছি অবস্থিত। রাসূল সা:-এর বরকতময় থুথু মোবারকের স্পর্শে কূপের পানি মিষ্টি ও কল্যাণকর হয়ে ওঠে। তখন থেকে কূপকে আরোগ্য বা শিফা প্রদানের কূপ হিসেবে বিবেচনা করা হয়। বীরে শিফা কূপকে জমজম কূপের পর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর কূপ হিসেবে মনে করা হয়। বীরে শিফা নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা। আরবি ‘বির’ অর্থ কুয়া এবং ‘শিফা’ অর্থ নিরাময় বা আরোগ্য।
জান্নাতুল বাকি : জান্নাতুল বাকি হলো পবিত্র মদিনা শহরে মসজিদে নববীর পাশে অবস্থিত ইসলামের ইতিহাসের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান।  মহানবী সা:-এর পরিবারের সদস্য হাজার হাজার সাহাবি ও তাবেয়িদের কবর এখানে অবস্থিত। জান্নাতুল বাকি একটি সাধারণ কবরস্থান যেখানে কোনো স্মৃতিস্তম্ভ বা মাজার নেই।
আবুবকর মসজিদ : ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রা:-এর স্মরণে আবু বকর মসজিদ নির্মিত হয়। মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০০-৪৫৫ মিটার দূরে আল-মানখাহ এলাকায় আবু বকর মসজিদ অবস্থিত। বিশ্বাস করা হয় যে, নবী করীম সা: এখানে ঈদের নামাজ আদায় করতেন, যা পরে আবু বকর রা: অব্যাহত রাখেন।  মসজিদটির স্থাপত্যশৈলী নান্দনিক।  
মসজিদে বেলাল : মদিনায় গেলে মসজিদে নববীর বাইরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলাল ইবনে রাবাহ রা:-এর স্মৃতিবাহী বেলাল মসজিদ জিয়ারত করা মুসলমানদের জন্য অত্যন্ত আবেগময়। মসজিদে বেলাল মসজিদে নববী থেকে কিছুটা দক্ষিণে রিং রোডের পাশে অবস্থিত। বেলাল মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়।
আল সাফিয়াহ জাদুঘর : সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর দক্ষিণ দিকে আল সাফিয়াহ জাদুঘর ও পার্ক অবস্থিত। এটি একটি আধুনিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্র। জাদুঘর ও পার্ক চার হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ‘সৃষ্টির গল্প’ প্রদর্শিত হয়। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান ও ঘটনার ছবি, ভিডিও, অডিও জাদুঘরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়।  
উহুদ পাহাড় : সৌদি আরবের পবিত্র নগরী মদিনার উত্তরাংশে অবস্থিত উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। মসজিদে নববী থেকে উত্তর দিকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। ৩ হিজরির ৭ শাওয়াল (মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দ) পাহাড়ের পাদদেশে বিখ্যাত ‘উহুদের যুদ্ধ’ সংঘটিত হয়েছিল।  যুদ্ধে হজরত হামজা রা:সহ প্রায় ৭০ জন সাহাবি শহীদ হন। তাদের কবরস্থানটি পাহাড়ের পাদদেশেই অবস্থিত। মহানবী হজরত মুহাম্মদ সা: উহুদ পাহাড় সম্পর্কে বলেছিলেন, ‘উহুদ এমন একটি পাহাড়, যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।’
মসজিদে কুবা : মদিনা শরিফে অবস্থিত কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মহানবী সা: এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। কুবা মসজিদ মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। 
কিবলাতাইন মসজিদ : ঐতিহাসিক দিক থেকে কিবলাতাইন মসজিদ গুরুত্বপূর্ণ। নামাজ পড়ার সময় আল্লাহর নির্দেশে প্রিয়নবী সা: কেবলা পরিবর্তন করেছিলেন। এর পর  থেকে নামকরণ করা হয়েছে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। আগে দু’টি মেহরাব থাকলেও মসজিদ পুনর্নির্মাণের সময় জেরুসালেমের মসজিদে আকসামুখী কিবলা সরিয়ে নেয়া হয়।
মসজিদে গামামাহ : মসজিদে গামামাহর  আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। হজরত মুহাম্মদ সা: তার জীবনের শেষ বছরগুলোতে মসজিদে গামামাহতে ঈদের নামাজ আদায় করেছিলেন। তিনি এই মসজিদে বিশেষ বৃষ্টির নামাজও আদায় করেছিলেন। মসজিদটির স্থাপত্যশৈলী নান্দনিক। 
লেখক : ব্যাংকার ও গল্পকার