
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কার্যক্রম শিগগিরই সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ হলের সংস্কারে প্রয়োজনীয় প্রক্রিয়া স্বল্পতম সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সলিমুল্লাহ মুসলিম হলের জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদানের অনুরোধ জানান।
এ সময় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হল একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত করবে সরকার। এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান, সিনিয়র সহ-সভাপতি মো: সাহাব উল্লাহ, সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









