‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন
‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন ।
ads


বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’। সোমবার রাতে বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন নয়। প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নেয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।