
অর্থনৈতিক প্রতিবেদক
একদিন সংশোধনে কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই সূচকের উন্নতি ঘটে। লেনদেনের শুরুতে কিছুটা ধীরগতিতে কাটালেও বেলা বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় তা কাটিয়ে ওঠে দুই বাজারই। সূচকের এ উন্নতির পেছনে বড় ভূমিকাটি ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। এ সময় এ দু’টি খাত ছাড়া অন্য খাতগুলোতে আগের দিনের মতোই বিক্রয়চাপ সক্রিয় ছিল। ফলে লেনদেনে অংশ নেয়া কোম্পানির বেশির ভাগেরই কমবেশি দরপতন ঘটে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, রোববার বাজারের মূল্যস্তরে যে ইতিবাচক পরিবর্তন ঘটেছিল তা থেকে মুনাফা তুলে নিতে গিয়েই সোমবার সূচকের আচরণ ছিল নেতিবাচক। গতকালও বেশ কয়টি খাতে সংশোধন ঘটে। তবে একই সাথে কয়েকটি খাতের মূল্য বৃদ্ধিই দিনের সূচককে এগিয়ে রাখে। সূচকের উন্নতি ঘটার ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়ে যায়। ফলে দিনশেষে দুই বাজারেই লেনদেনের উন্নতি ঘটায়।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩০ দশমিক ৮৪ পয়েন্ট উন্নতি হয়। পাঁচ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্ট থেকে সূচকটি মঙ্গলবার বিকেলে পৌঁছে যায় পাঁচ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসইর শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১৫ দশমিক ২৬ ও দশমিক ৫৮ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৬ দশমিক ৮৯ পয়েন্ট বৃদ্ধি পায়। ১৪ হাজার ৯০৫ দশমিক ০৮ পয়েন্ট থেকে দিনশেষে সূচকটি স্থির হয় ১৫ হাজার ১ দশমিক ৯৭ পয়েন্টে। বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ৪৯ দশমিক ৩৯ ও ৬৩ দশমিক ৯৬ পয়েন্ট।
দিনের বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল ঢাকা বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ দুই খাতেই ছিল বেশি। এগুলো হলো ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। একই সাথে মূল্যবৃদ্ধিতেও এগিয়ে ছিল এ দুই খাত। বাজারের সবচেয়ে বড় মূলধনী খাত হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যবৃদ্ধিই মূলত বাজার সূচককে এগিয়ে রাখে। এ ছাড়া কয়েকটি স্বল্প মূলধনের কোম্পানিও এদিন মূল্যবৃদ্ধির তালিকায় জায়গা করে নেয়। এর বাইরে অন্যান্য খাতে গতকালও কমবেশি সংশোধন ঘটে।
এ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে। কোম্পানিটির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব সংশোধন করে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে বোর্ড। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে কোম্পানিটি।
ডিএসই থেকে পাওয়া তথ্য অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৫ কোটি শেয়ারের বদলে ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মোট মূল্য ২৮৫ কোটি টাকা, যা দুই কোটি ইউরোর সমপরিমাণ। তবে তহবিল গ্রহণের তারিখে ইউরোর বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। এ সিদ্ধান্তের মাধ্যমে গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যেও সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
কোম্পানি পর্ষদের নেয়া এ প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি ছিল ওষুধ ও রসায়ন খাতের একমি পেস্টিসাইডস। ৪৭ কোটি টাকায় কোম্পানিটির এক কোটি ৭১ লাখ শেয়ার হাতবদল হয় এ দিন। ৪২ কোটি ৫১ লাখ টাকায় ৭০ লাখ ১৭ হাজার শেয়ার বেচাকেনা করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল মালেক স্পিনিং।
ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে আইপিডিসি ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইলস।
মূল্যবৃদ্ধিতে গতকাল ডিএসইর শীর্ষ কোম্পানি ছিল প্রকৌশল খাতের বিডি অটোকারস। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। ৯ দশমিক ৭৪ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল বিডি থাই ফুডস। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে বঙ্গজ লিমিটেড, একমি পেস্টিসাইডস, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্ট, লিগেসি ফুটওয়্যার ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









