
- বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যও রয়েছে সরকারের
- মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যা সমাধানের আশ্বাস
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত সঙ্কট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যও রয়েছে সরকারের। একই সাথে সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি বন্ধ শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বানের পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কলেজ প্রতিষ্ঠার সময় এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজটিকে শাবিপ্রবির অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে।
কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বন্ধ কারখানায় বিনিয়োগ
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে মন্ত্রী বলেন, এসব কারখানার অধিকাংশের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। কারখানাগুলোর তালিকা করে পুনরায় চালুর কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ খাতে বিনিয়োগের জন্য ঋণের ব্যবস্থার বিষয়েও উদ্যোগ নেয়া হবে। শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।
কৃষি উৎপাদনে জোর
কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রফতানিও করতে পারবে।
পেঁয়াজের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বড় সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের যুক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখবে।
আমদানি ও রফতানির ব্যবধান নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের আমদানি সবসময় রফতানির চেয়ে বেশি হলেও শুধু এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রফতানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। তবে রফতানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও দরকার রয়েছে।
হাসিনার ফেরা প্রসঙ্গে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি কেন দেশ ছেড়েছিলেন, সেই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। দেশের মানুষের ক্ষোভের মুখেই তিনি দেশ ছেড়েছিলেন। হাসিনা বাংলাদেশের নাগরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি যেদিনই দেশে ফিরুন, আইন অনুযায়ী তাকে তার প্রাপ্য ও দায়দায়িত্ব বহন করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: সাহিদ ইকবাল। উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। পরে মন্ত্রী হজরত শাহপরাণ রহ: মাজার সড়ক থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানাপ্রাচীর, প্রতিরক্ষা দেয়াল ও নালা নির্মাণকাজের উদ্বোধন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









