সৌদি আরবের সুরক্ষা মক্কা জোটের অগ্রাধিকার : তুরস্ক
সৌদি আরবের সুরক্ষা মক্কা জোটের অগ্রাধিকার : তুরস্ক।
ads

আনাদোলু
মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় তুরস্কের বর্তমান নীতি মূলত সৌদি আরবের সুরক্ষায় নিবদ্ধ রয়েছে। তবে ইয়েমেনে সেনা মোতায়েন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শনিবার তুর্কি সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য নিশ্চিত করেন।
হাকান ফিদান জানান, আঙ্কারার বর্তমান নীতির মূল উদ্দেশ্য সৌদি আরবের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং ইয়েমেনের ভেতরে সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে সৌদি আরবের আত্মরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।
তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং সম্ভাব্য ভবিষ্যৎ অংশীদারদের মধ্যকার প্রতিরক্ষা শিল্প সহযোগিতা মক্কা প্রতিরক্ষা জোটের মূল ভিত্তি হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। অতীতে মিত্ররা যখন তুরস্ককে অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছিল, আঙ্কারাকে তখন কী ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সে বিষয়টিও তিনি তুলে ধরেন। 
তিনি স্পষ্ট করেন, মক্কা নিরাপত্তা চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। সদস্য দেশগুলো এর মাধ্যমে পারস্পরিক আস্থা গড়ে তুলছে এবং বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো প্রতিরক্ষা নীতি এখানে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না বলে তিনি জানান। তিনি আরো জানান, এই সুরক্ষার জন্য হুমকি মূল্যায়ন, যৌথ গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা পরিকল্পনা এবং তুরস্কের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। অতীতে সিরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন ও আন্তর্জাতিক  নৌসীমায় সেনা মোতায়েনের ক্ষেত্রেও একই ধরনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।
ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ইতোমধ্যে প্রায় ৩০টি দেশের সাথে সহযোগিতা করছে বলে উল্লেখ করেন ফিদান। তিনি বলেন, হাউছিদের ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলোর ধারাবাহিক হামলা যুদ্ধ থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে বাব আল-মান্দেব প্রণালীতে হাউছিদের ক্রমাগত হামলার কারণে ইয়েমেন এখন একটি বৈশ্বিক নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোগানের দূরদর্শী নেতৃত্বে তুরস্ক কোনো প্রতীকী কাঠামো তৈরির বদলে কার্যকর ও উদ্ভাবনী আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে বলে ফিদান উল্লেখ করেন। এর মধ্যে মক্কা প্রতিরক্ষা জোট, মিসর, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত রিজিওনাল কোয়াড (আর-ফোর) এবং গাজা গ্রুপ অব এইট অন্যতম।
সঙ্কট তীব্র হওয়ার আগেই বিভিন্ন কৌশলগত অঞ্চলে সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নেয়া তুরস্কের জন্য সুফল বয়ে এনেছে বলে তিনি জানান। তার মতে এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক বড় ধরনের সঙ্ঘাতের প্রভাব তুরস্কের অভ্যন্তরে পৌঁছাতে পারেনি এবং আঙ্কারা আন্তর্জাতিক অঙ্গনে এমন এক চাহিদাসম্পন্ন শক্তিতে পরিণত হয়েছে, যার ‘আঞ্চলিক মালিকানা’ ধারণাকে এখন ইউরোপীয় নেতারাও জোরালোভাবে সমর্থন করছেন।
কূটনৈতিক আনুষ্ঠানিকতা এড়িয়ে খোলামেলা আলোচনার জন্য অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মগুলো অত্যন্ত কার্যকর বলে ফিদান ব্যাখ্যা করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কিছুটা সঙ্কুচিত হওয়ার সুযোগে তুরস্ক ইস্তাম্বুলে ইউরোপিয়ান কোয়াড (ই-ফোর-ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য) এবং আর-ফোর সম্মেলন আয়োজন করে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মাসে বার্লিনে এর দ্বিতীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
বৈশ্বিক গুরুত্বপূর্ণ নৌপথগুলোর সুরক্ষা নিয়েও কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জি-টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তুরস্ক একটি সর্বজনীন ও বাধ্যতামূলক ঘোষণার প্রস্তাব দিয়েছিল। যুদ্ধ বা যেকোনো বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও হরমুজ প্রণালী, তুর্কি প্রণালী, জিব্রাল্টার, মালাক্কা এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করাই ছিল ওই প্রস্তাবের মূল লক্ষ্য।
এদিকে কৃষ্ণসাগরে ক্রমবর্ধমান সামরিক সঙ্ঘাত বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে ফিদান সতর্ক করেন। সেখানে নিয়মিত জাহাজে হামলা হচ্ছে এবং রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বাণিজ্যিক নৌযানগুলোকে নিশানা করার ঘোষণা দিয়েছে। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় ও নৌবাহিনী কমান্ডের জারি করা নির্দেশনার পাশাপাশি আঙ্কারা কোস্ট গার্ড এবং পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। একইসাথে যেসব জাহাজে তুর্কি নাগরিক রয়েছেন, তাদের সঙ্ঘাতপূর্ণ জলসীমা এড়িয়ে নিরাপদ দূরত্বে অবস্থানের আহ্বান জানানো হচ্ছে।