
আলজাজিরা
লেবাননের দীর্ঘ দিন ধরে চলতে থাকা ‘ইসরাইলি দখলদারিত্ব’ এবং ‘ইরানি হস্তক্ষেপ’ উভয়েরই অবসান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। গত শনিবার লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এ দাবি জানিয়েছেন তিনি। “এ দু’টি মৌলিক বাধা একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। লেবাননের জনগণ যে তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুরোপুরি উপভোগ ও উদযাপন করতে পারছে না- তার প্রধান কারণ এ দুই বাধা”, ভাষণে বলেছেন প্রেসিডেন্ট আউন। সেই সাথে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে দৃঢ় সঙ্কল্পও ব্যক্ত করেছেন তিনি।
প্রেসিডেন্ট আউন তার দেশের সার্বভৌ পুনরুদ্ধারের দৃঢ় সঙ্কল্প ব্যক্ত করে বলেন, এই ‘দু’টি মৌলিক বাধা একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত’, যার ফলে লেবানন তার স্বাধীনতা পুরোপুরি উদযাপন করতে পারছে না। ভাষণে প্রেসিডেন্ট আউন হিজবুল্লাহ মিলিশিয়াদের নিরস্ত্র করার ক্ষেত্রে বর্তমান সরকারের প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো অস্ত্র থাকা চলবে না, যা বিদেশী শক্তির নির্দেশ পালন করে বা তাদের স্বার্থ রক্ষা করে।’
ফেব্রুয়ারি মাসে এক দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং অন্য দিকে ইরানের মধ্যে সঙ্ঘাত শুরু হওয়ার পর লেবাননে আবারো নতুন করে সঙ্ঘাত ছড়িয়ে পড়ে। সে সময় হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা চালালে তার জবাবে ইসরাইল দক্ষিণ লেবাননে আক্রমণ ও অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ অভিযানের জেরে দক্ষিণ লেবাননে ইতোমধ্যে নারী-শিশুসহ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরাইল এখনো লেবাননের প্রায় ৫ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে; এর পাশাপাশি ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ডগুলোও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত জুন মাসে ওয়াশিংটনে লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পাশাপাশি চলতি ২০২৬ সাল শেষ হওয়ার আগেই ইসরাইলের সৈন্য প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্র করার শর্ত উল্লেখ রয়েছে। ছিল। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রাখায় এই প্রক্রিয়ার অগ্রগতি থমকে গেছে। বৈরুতের উত্তরে অবস্থিত দবায়েহ শহরে লেবাননে ফরাসি ঔপনিবেশিক শাসন অবসানের ৮৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় প্রেসিডেন্ট আউন সাম্প্রতিক বছরগুলোর সঙ্ঘাত ও আর্থিক সঙ্কটের কারণে লেবানিজ জনগণের ভোগান্তির কথাও তুলে ধরেন।
তিনি বলেন, রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ফিরে আসা সম্ভব নয় ‘বর্তমানে নাগরিকরা তাদের গচ্ছিত অর্থ তুলতে হিমশিম খাচ্ছে, তরুণরা নিজেদের ভবিষ্যতের সন্ধানে দেশ ছাড়ছে, পরিবারগুলো আগামী দিন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে; এমন পরিস্থিতিতে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ফিরে আসা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব।’ ‘একটি স্থিতিশীল লেবানন গড়ার প্রধান শর্ত হলো ইসরাইলের সৈন্য প্রত্যাহার এবং ইরানের হস্তক্ষেপের অবসান।’
প্রেসিডেন্ট আউন বলেন, “আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি না- আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ; কারণ আমাদের ভূখণ্ডের কিছু অংশ এখনো দখলদারিত্বের অধীনে রয়েছে, আমাদের সব মানুষ এখনো তাদের ঘরে ফিরে আসতে পারেনি এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখনো পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই।’ প্রেসিডেন্ট জানান, সরকার একটি ‘জাতীয় উদ্ধার পরিকল্পনা’ গ্রহণ করেছে যার লক্ষ্য হলো ইসরাইল ও ইরান- উভয়পক্ষের বিষয়েই একই সাথে পদক্ষেপ নেয়া। ইসরাইলের উদ্দেশে আউন দাবি জানান, ‘লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দীদের তাদের ঘরে ফিরিয়ে দিন।’
ইরানের জন্যও তার বার্তা ছিল সমান কঠোর। তেহরানের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।’
পূর্ণ সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে : রুবিও
রয়টার্স জানায়, স্বাধীনতার ৮৩তম বার্ষিকী উপলক্ষে লেবাননের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং কেবল নিজ দেশের নাগরিকদের কাছে জবাবদিহিমূলক একটি লেবানন গড়ার ক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এক বিবৃতিতে রুবিও উল্লেখ করেন, লেবাননের জনগণ নিজ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী সম্প্রদায়ের মাধ্যমে অসাধারণ প্রতিভা ও সহনশীলতার পরিচয় দিয়েছে। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকা এবং কেবল নিজ দেশের নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য- এমন একটি পূর্ণ সার্বভৌম লেবাননের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকবে উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত জুনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সঙ্ঘাত নিরসনে একটি কাঠামোগত চুক্তির মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখলে রাখার পাশাপাশি অঞ্চলটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









