
সাংস্কৃতিক প্রতিবেদক
বদলে যাচ্ছে রাজধানীর ধানমন্ডি লেক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ।
১৯৬০-এর দশকে পুরনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একর আয়তনের ধানমন্ডি লেকের বর্তমান জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর। দীর্ঘদিনের পলি, কাদা ও বর্জ্য জমে লেকের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। পুনঃখননের মাধ্যমে এসব দূষিত স্লাজ অপসারণ করে লেকের গভীরতা ও পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ধানমন্ডি লেক শুধু পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জলাধার হিসেবেই ফিরবে না, এর সাথে যুক্ত হবে আধুনিক অবকাঠামো, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের নতুন মাত্রা। ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটির তলদেশ থেকে প্রায় এক লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যে দু’টি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখনন কাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।
এ লক্ষ্যে হাঁটার পথ আধুনিকায়নের পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট এলইডি লাইট, যাতে সন্ধ্যা ও রাতেও দর্শনার্থীরা নিরাপদে লেকপাড়ে চলাচল করতে পারেন। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো নতুন করে সাজানো হবে। এ ছাড়া রবীন্দ্র সরোবরের আদলে এখানে গড়ে তোলা হবে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র।
সংশ্লিষ্ট কাজে জড়িত ডিএসসিসির এক কর্মকর্তা জানান, বছরের পর বছর ধরে জমে থাকা জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা ব্যয় হবে লেক ও এর আশপাশের অবকাঠামো সংস্কারে। বাকি ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’।
মাস্টারপ্ল্যানের আওতায় লেকের পাড়ের সুরক্ষা ও ঢালের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, হাঁটার পথ, স্মার্ট এলইডি আলোকসজ্জা, সীমানা বেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কার করা হবে। লেকপাড়ের ওয়াকওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সব বয়সী মানুষের হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। স্মার্ট এলইডি লাইটের মাধ্যমে রাতেও লেকপাড় আলোকিত ও নিরাপদ রাখার ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ঘোষণা ব্যবস্থা এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। ফলে লেকের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হবে, তেমনি বাড়বে নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সুবিধা।
বিনোদন ও শরীরচর্চার সুযোগ বাড়াতেও রয়েছে নানা পরিকল্পনা। লেকের বিভিন্ন স্থানে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং পার্কিং সুবিধা গড়ে তোলা হবে।
দর্শনার্থীদের জন্য নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে। লেকের সবুজ পরিবেশ ও বৃক্ষসম্পদ রক্ষায় উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ উন্নয়ন পরিকল্পনার অন্যতম আকর্ষণ ‘নজরুল সরোবর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও বিদ্রোহী চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এ সাংস্কৃতিক পরিসর। কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ, ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।
এ ছাড়া নজরুল সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের জন্য থাকবে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম। পাশাপাশি কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা এবং লেকের ঘাট নির্মাণ করা হবে। কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তরাঁ ও ক্যাফে স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করবে এ উদ্যোগ। ফলে ধানমন্ডি লেক শুধু হাঁটাচলা বা অবসর কাটানোর স্থান থাকবে না, হয়ে উঠতে পারে সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি ও নাগরিক বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।
এ বিষয়ে ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে। সব কাজ শেষ হলে ধানমন্ডি লেক ফিরে পাবে তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









